সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ
নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আশরাফুল আলম জার্মান(১৮) নামে ওই চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শেষ সীমানা চান্দিয়ার ডাঙ্গা ব্রীজের নিকট দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যত্রঘু এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক আশরাফুলের বাড়ি সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ায়। সে ওই এলাকার হায়দার আলীর ছেলে।
এলাবাসীর বরাত দিয়ে সৈয়দপুর পুলিশের সুত্র জানায়, সৈয়দপুর থেকে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী আশরাফুলের ইজিবাইকে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থান ঘুরে চিরিরবন্দরের ফতেজংপুর যাওয়ার জন্য ওই পথে যান। পরে উল্লেখিত স্থানে গিয়ে তারা আশরাফুলের ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সে বাঁধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালককে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেন ঘটনার বিষয়ে পুলিশেও খবর দেন তারা। পরে স্থানীয়রা আশরাফুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১২ টায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর পরই সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম ও চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অফিসার ইনচার্জ মো. শাহা আলম বলেন, চিরিরবন্দর থানা পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিরিরবন্দর থানা পুলিশ আলামত সংগ্রহ করেছে। সৈয়দপুর ও চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাটি যৌথভাবে তদন্ত শুরু করেছে। খুব শিগগির ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।