সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দপুরে এফওএইচ স্কুলে অধ্যায়নরত পিছিয়ে পড়া ১ হাজার ২৯০ শিক্ষার্থীর পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফওএইচ)।
গত ১৯ জুন বিকেলে শহরের গোলাহাটস্থ এফওএইচ স্কুল চত্বরে ওই মাংস বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আমেরিকা ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ফেন্ডস্ অব হিউম্যানিটি (এফওএইচ)’র অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করে রংপুরের স্বেচ্ছাসেবি সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেজ (হিড)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি পরিচালিত এফওএইচ স্কুলের কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল, হিউম্যানিটি অব ডিস্ট্রেজ’র (হিড) ভাইস প্রেসিডেন্ট এম এ বারি, এফওএইচ’র স্থানীয় প্রতিনিধি আব্দুল লতিফ, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি উর্দু কবি মাজিদ ইকবালসহ এফওএইচের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে হিড’র ভাইস প্রেসিডেন্ট এম এ বারি জানান, প্রতি বছরের মতো এবারও এফওএইচ পরিচালিত স্কুলে অধ্যায়নরত পিছিয়ে পড়া ১ হাজার ২৯০ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এরআগে ১৮ জুন ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু জবাইয়ের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। আর তা শেষ হয় ১৯ জুন। সংস্থার সকল নিয়ম মেনে এবারে ২৫টি গরু ও ২৫টি ছাগল কোরবানি দেয়া হয় বলে জানায় আয়োজক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য আমেরিকা ভিত্তিক ওই প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর থেকে সৈয়দপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করে আসছে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। বিনামূল্যে টিফিনের ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।