সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
দীর্ঘ প্রায় ৪ ঘন্টা সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করার পর রবিবার (০৪ আগস্ট) বিকেল ৪ টায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দল ঢাকা ফেরত গেছেন।
সারাদেশে ১৬ জুলাই হতে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত হত্যা, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকান্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি রবিবার রংপুরে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে সকাল ১১ টায় অবতরণ করেন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় ওই তদন্ত দল রংপুরে যেতে পারেননি।
দীর্ঘ ৪ ঘন্টা সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করার পর বেলা ৩ টায় তদন্ত কমিটির প্রধান বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে বিমানবন্দরে প্রেস ব্রিফিং করে ঘটনার বিষয়ে অবহিত করেন।
এসময় তদন্ত কমিশনের অন্য দুই সদস্য বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি মো. শওকত আলী উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান খোন্দকার দিলিরুজ্জামান আরও জানান, রংপুরের পরিস্থিতি পূর্বের তুলনায় আজকে (রবিবার) ভয়াবহ হওয়ায় প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য প্রমাণ মেলা সম্ভব হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত কমিশন ফের কাজ শুরু করবে। এক্ষেত্রে কমিশন সম্পূর্ণভাবে স্বাধীন ও নিরপেক্ষ থেকে কাজ করবে বলে ঘোষণা দেন।
তিনি আরও বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিয়ে কে বা কারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তা সঠিকভাবে নিরুপণ করা হবে। তদন্ত স্বচ্ছ করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।