সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাড়িয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই এ বিষয়টিকে সামনে রেখে হিন্দু অধুষ্যিত এলাকাগুলোতে যাচ্ছেন তারা। সেখানে তাদের সাথে কথা বলছেন, নিরাপত্তায় পালাক্রমে দিচ্ছেন পাহারা। উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পৌর এলাকার সর্বত্র চলছে এ কার্যক্রম।
সুত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র- জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের সারাদেশে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সুবিধাবাদি একটি মহল ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে শুরু করে গভীর ষড়যন্ত্র। শুরু হয় হিন্দুদের বাড়িঘরে হামলা ভাংচুরসহ অরাজকতা।
এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাড়ায়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য জানা গেছে।
সুত্রটি জানায়, গত ৬ আগস্ট থেকে এসব কর্মকাণ্ড শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে জানিয়ে দলটির দায়িত্বশীল সুত্র জানায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর মো. শাহিন আকতার শাহীনের নেতৃত্বে সৈয়দপুর পৌর এলাকাসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি এবং তাদের ধর্মীয় স্থাপনায় গিয়ে সকলের সাথে কথা বলছেন।
এসময় নেতৃবৃন্দ তাদেরকে কোন আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানান এবং সার্বক্ষণিক তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিএনপি নেতৃবৃন্দ বলেন, বর্তমানে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নানাভাবে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। তারা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, গুজবে কান দিয়ে আতঙ্কিত হবেন না। বিএনপি আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সৈয়দপুর জেলা, থানা পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গদলের সকল নেতাকর্মী আপনাদের পাশে রয়েছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কোন সমস্যা মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
এদিকে রবিবার (১১ আগস্ট) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের চান্দিয়ার পাড়
ছাড়াও ওই ইউনিয়নের বিভিন্ন হিন্দু অধুষ্যিত এলাকা পরিদর্শন করেন। এসময় তারা সকলের সাথে কথা বলেন। বিএনপি নেতারা জানান, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, আপনাদের সকল নিরাপত্তায় আমরা আছি। বিএনপি নেতাদের এমন কথায় তারা আশ্বস্ত হন বলে জানায় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহীন, সহ সভাপতি ও হিন্দু কল্যাণ সমিতির নেতা সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি),সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, অর্থ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, বোতলাগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীর নেতৃত্বে হিন্দু অধুষ্যিত পাড়া ও ধর্মীয় স্থাপনাগুলোতে সার্বক্ষনিক টহল ও পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার সর্বত্র হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে যোগাযোগ রেখে তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে পাহারা দেওয়া এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদল,কৃষকদল, তাতীদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীরা।
এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি অশুভ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অবস্থায় কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজন এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা দিতে সচেষ্ট রয়েছি।
এছাড়া কোন দুষ্কৃতকারী যাতে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন সৈয়দপুরের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলের সকলস্তরের নেতাকর্মীরা কাজ করছেন।