মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার
প্রকাশিত :
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
১৫
বার পঠিত
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলকে জড়িয়ে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন।
গণমাধ্যমের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় আল হেলাল রয়েল বলেন, শহর ও এলাকায় দীর্ঘদিন ধরে চলা কথিত চাঁদাবাজি বন্ধে বিএনপির নেতাকর্মীরা উদ্যোগ নেন। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্ব ও নির্দেশনায় মিজান, তাজু কাকা, শাহীন মাদবর সহ বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেন বলে দাবি করেন তিনি।
আল হেলাল রয়েল অভিযোগ করে বলেন, চাঁদাবাজি বন্ধের উদ্যোগে যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, তাঁরাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁকে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এ সময় ভিডিওতে প্রচারিত অন্য কোনো ব্যক্তির বক্তব্যের দায়ও তিনি অস্বীকার করেন। বিশেষ করে জুয়েল নামে কোনো ব্যক্তির বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আল হেলাল রয়েল।
তিনি আরও বলেন, অবৈধ চাঁদাবাজির সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। নিজের নির্দোষতার বিষয়ে তিনি আল্লাহর নামে শপথ করে বক্তব্য দেন।
আল হেলাল রয়েল বর্তমানে মিরকাদিম পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।