- কয়রা (খুলনা) প্রতিনিধি ::
সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে প্লাস্টিক-পলিথিনের দূষণে ভরে গেছে আর এই দূষন কমাতে ঘর থেকেই বর্জ্য ব্যবস্থাপনা শুরু করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
তাঁরা বলেন, ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেললে তা নদী ও জলাশয়ের মাধ্যমে সুন্দরবনে গিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তাই কর্মশালার মূল আহ্বান—কয়রার প্রতিটি বাড়িতে প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করে নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ ও নিরাপদে অপসারণ নিশ্চিত করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন এবং দূষণ হ্রাস’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ইয়ুথ ফর সুন্দরবন, কয়রা।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল বাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান,জনস্বাস্থ্য অফিসার ইস্তিয়াক আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, সাংবাদিক রিয়াছাদ আলী ও কামাল হোসেন,ফরহাদ হোসেন,রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, এনজিও প্রতিনিধি মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস, গাজী ফারুখ হোসেন, ইয়ুথ সদস্য আমিরুল ইসলাম, খাদিজা সুলতানা, মুসলিমা খাতুন প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, নদী, খাল ও জলাশয়ে প্লাস্টিক ও পলিথিন ফেলার কারণে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমানোর আ বাড়িতে বর্জ্য আলাদা করে সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তরা আরও বলেন, পলিথিনের বিকল্প হিসেবে কেনাকাটায় কাপড় ও পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। একই সঙ্গে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের পরিবেশ সুরক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সুন্দরবন রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।