- শার্শা ( যশোর) প্রতিনিধি::
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেনাপোল পৌরসভাসহ শার্শা উপজেলার ৩২টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু বলেন, “দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।