সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে সুলতান বাবু (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০ টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ওই লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার মো. সোলেমানের ছেলে সুলতান বাবু। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় তাঁর পরিবারের লোকজন তাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে হাসপাতাল গিয়ে থেকে সুলতান বাবুর মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে পুলিশ। সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। পরে লাশটি থানায় আনে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন জানান, মঙ্গলবার (২০ মে) সকালে লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।