নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. শরফুদ্দিন খান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা। উপ সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. আসাদুজ্জামান আশার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন মো. ফারুক হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানের শেষে উপজেলায় গত বছরের সর্বোচ্চ ইঁদুর নিধনকারী তিনজন কৃষককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন কামারপুকুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম এবং বোতলাগাড়ী ইউনিয়নের বিধান চন্দ্র রায় ও প্রদীপ চন্দ্র রায়।
এরআগে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধিতে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। তালিকাভূক্ত কৃষক-কৃষাণীদের হাতে ওইসব ধানের বীজ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি দপ্তরের সুত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার তিন হাজার কৃষককে বিনামূল্যে বোরো ধানের (হাইব্রিড) বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে দুই কেজি করে ধান বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।