মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::
দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন কাটিয়ে কাল শনিবার (১৭ মে) নীলফামারিতে আসছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।
গোটা নীলফামারী জেলা বিএনপির রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার তুহিনকে বরণ করে নিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। তাঁর আগমনকে ঘিরে সৈয়দপুরসহ গোটা জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।
১৮ বছর পর তাঁকে সম্মুখ থেকে দেখতে উন্মুখ হয়ে আছেন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। তাঁর আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে প্রিয় ওই নেতাকে দেওয়া হবে গণসংবর্ধনা।
নীলফামারী জেলা ও সৈয়দপুর রাজনৈতিক জেলা, ডোমার ও ডিমলা উপজেলা বিএনপির সুত্র জানায়, ফ্যাসিস্ট আওয়ামীলীগের জুলুমের শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে আজ শনিবার বেলা ১১ টায় সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুরসহ জেলার বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করবেন। পরে সৈয়দপুর ডাকবাংলো চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন।
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, দুপুরে স্থানীয় শহীদ মিনার মাঠে নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন শাহরিন ইসলাম তুহিন। বিকেলে ডোমার উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত থাকবেন। সন্ধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন তাঁর নিজ গ্রাম গোমনাতিতে যাবেন এবং সেখানে এলাকাবাসীর সাথে কথা বলবেন। পরদিন ১৮ মে সকালে ডোমার উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বক্তব্য রাখবেন বিভিন্ন পথসভায়।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন জানান, রবিবার বিকেলে ডিমলা উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। ১৯ মে সকালে ডিমলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বিকেলে জলঢাকা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিবেন। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ২০ মে ডোমারের নিজ গ্রাম গোমনাতিতে চক্ষু শিবিরের উদ্বোধন করবেন। পরে তাঁর স্ত্রী আয়েশা ইসলামের নামে এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিবেন।
এদিকে নীলফামারী জেলার বিএনপির কান্ডারি জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের আগমনকে ঘিরে কোন প্রকার মোটরসাইকেল শোভাযাত্রা করা থেকে বিরত থাকতে দলের সকল নেতাকর্মীকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোথাও কোন তোরণ স্থাপন না করার জন্য বলা হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের সুত্রটি জানায়। এজন্য দলের নেতৃবৃন্দকে বিষয়গুলোকে দেখতে বিশেষভাবে আহবান জানানো হয়েছে।