- নিজস্ব প্রতিবেদক::
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেওয়ার অভিযোগে দেবজ্যোতি নামে এক যুবককে আটকের পর মুচলেকায় মুক্তি দিয়েছে থানা পুলিশ। বৈশাখের প্রচন্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে বিদ্যুৎের ভয়াবহ লোডশেডিংয়ে নাকাল দেবজ্যোতি মোবাইলে পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম অঞ্জন কুমার সরকারকে গত ২৪ এপ্রিল বিকেল ৩ টার দিকে হুমকি দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ঐদিন রাত ৯টার দিকে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে। দেবজ্যোতি পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের (সরল) এলাকার বাসিন্দা।
পরের দিন আজ রবিবার সকালে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন, থানা অফিসার ইনচার্জ মো: গোলাম কিবরিয়া।
থানা পুলিশ জানায়, ২৪ এপ্রিল শনিবার বিকাল ৩ টার দিকে দেবজ্যোতি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকারকে মোবাইল ফোনে জোনাল অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই রাতেই তাকে আটক করে।
পরে (২৫ এপ্রিল) রোববার সকালে মুচলেকা দিয়ে আটক যুবক দেবজ্যোতিকে ছেড়ে দেওয়া হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বলেন, ভয়াবহ লোডশেডিংয়ের কবলে ভ্যাপসা গরমে অতিষ্ঠ যুবক দেবজ্যোতি পল্লী বিদ্যুতের ডিজিএমকে হুমকি দিয়ে পরে তার ভূল বুঝতে পারায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার। এসময় তিনি আরোও বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। এখানে তাদের তেমন কিছুই করার নেই। পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সকলকে ধৈর্য ধারণ করে বিষয় টি স্বাভাবিক ভাবে নেওয়ার জন্য অনুরোধ করেছেন।