খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশিত :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
৭৯
বার পঠিত
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর রায়েরমহল এলাকায় ৭১টি পরিবারের জমি দখল, উচ্ছেদ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বিএনপি নেতাসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭১টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ ইরানী খাতুন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে তারা মরহুম হামিদ চেয়ারম্যান ও হাজেরা কবীরের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি কিনে দলিল, নামজারি ও খাজনা পরিশোধ করে বসবাস করে আসছেন। কিন্তু হামিদ চেয়ারম্যানের ভাইয়ের ওয়ারিশরা আদালতের একটি রায়ের কথা বলে বিএনপি-সংশ্লিষ্ট নেতাকর্মীদের মাধ্যমে তাদের পাঁচটি বসতবাড়িতে তালা ঝুলিয়ে জমি দখল করেছেন। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিলের পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আরও অভিযোগ করেন, ছোট খোকার ওয়ারিশ ইয়াসিন, মেহেদী, কাজল ও ফয়সাল এবং নিজেদের বিএনপির পরিচয়দানকারী খুলনা মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা সাকিরুল্লাহ তুহিন, পারভেজ ফকির, শফিক, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রী ফিরোজা পারভীন ও লিপি তাদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহণ না করে ‘উপর মহলের চাপ আছে, আপনারা স্থানীয়ভাবে সমাধান করেন’ বলে জানায় থানা পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা ও বৈধ অধিকারের সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।