অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে সৈয়দপুরে কারখানা মালিককে লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত :
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
৩৫
বার পঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস্ কারখানা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের নতুন বাবুপাড়ায় দিল্লি চিপস কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও সংরক্ষণ, ক্ষতিকর রং, শিল্প লবণ ও কেমিক্যাল ব্যবহার এবং কোন চালান ও রশিদ সংরক্ষণ না করার দায়ে ওই পরিমাণ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নীলফামারী কার্যালয়ের একটি দল সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় দিল্লি চিপস কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও সংরক্ষণ, অননুমোদিত রং, শিল্প লবণ ও কেমিক্যাল ব্যবহার এবং কোন চালান ও রশিদ সংরক্ষণ না করা দেখতে পান। এ অবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন – ২০১৩ এর ৩৮ ধারায় ওই কারখানা মালিক মো. নাসিমের এক লাখ টাকা জরিমানা করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন।
এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নীলফামারী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীন, সৈয়দপুর উপজেলা স্যানিটারি পরিদর্শক আলতাফ হোসেনসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নীলফামারী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দীন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।