- শেখ দীন মাহমুদ::
সম্প্রতি পাইকগাছার কপিলমুনি ও তার আশপাশের এলাকাগুলোতে কোনাপোড়া নোটের উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ২০ ও ৫০ টাকার পোড়া নোটের লেনদেনে ক্রেতা-বিক্রেতাকে রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। একটু শক্ত ও চকচকে হলেই এমন পোড়া দাগের শঙ্কা। তবে টাকায় কেন এমন পোড়া দাগ? কারা কি উদ্দেশ্যেই বা পোড়াচ্ছে নোটগুলো? এমন প্রশ্ন- অজান্তেই হাতে পড়া নোটগুলোর বাহকদের।
প্রথমত এমন নোট গুজে দেওয়া হয় গন্তব্য শেষে ভ্যান চালকদের হাতে কিংবা চা দোকানিকে! অধিকাংশ ক্ষেত্রে টাকা হাতে পড়তেই বদলে দেয়ার দাবি থাকে পাওনা দারের। তবে কেউ কেউ বদলে দিলেও অনেকেই বলেন-আর নেই। এতে প্রায়শই বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে ভ্যান চালক থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের।
ভূক্তভোগীদের দাবি, এসব নোটের একটি অংশ মাদক সেবনের কাজে (ইয়াবা) ব্যবহারের পর তা হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে বাজারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের দাবি, বিশেষ করে ইয়াবা সেবনে সময় টাকা রোলিং করে ইয়াবা পোড়া তপ্ত ধোঁয়ার প্রভাবে নোটগুলো আক্রান্ত হয়ে থাকে। যদিও পোড়া নোটের প্রকৃত উৎস নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে নোটগুলোর উৎস্য নিয়ে তদন্ত সময়ের দাবি।
তথ্যানুসন্ধানে জানাযায়, সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ১০, ২০ ও ৫০ টাকার নোটের ব্যবহার বেশি। চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকান, হোটেল, গণপরিবহনসহ ছোটখাটো কেনাকাটায় এসব নোট হাতবদলের হার বেশি। তবে পোড়া নোটের হাতবদলের শুরু এসকল ক্ষেত্রে হলেও তা লেনদেনের সময় সহজেই তাদের দৃষ্টিগোচর হয়না। যদিও সেখান থেকে হাতবদলের সময়ই শুরু হয় বিপত্তি! তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। তখনকার বাহক হাতবদলের প্রানান্তকর প্রচেষ্টাও কখনোও কখনোও ব্যার্থ হয়।
কপিলমুনি বাজারের চা ও সিংড়া দোকানী প্রদীপ অধিকারীর (ভোলা) দাবি, কেনাবেচার ভিঁড়ে কখন যে পোড়া নোট তার কাছে গুঁজে দেয় ক্রেতা তা অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় না। পরে যেকোন ক্রেতাকে ভাংতি ফেরৎ দিতে গেলে কেউই আর নোটগুলি নিতে টাননা।
অপর চা দোকানী অসীম অধিকারীর, কাশিমনগরের আলমগীর, সেলিম মোড়ল, সিরাজুল মোড়লের বক্তব্য একই।
সান্ধ্যকালিন ভাজা বিক্রেতা আনিছ মোড়ল ও সেলসম্যান শামীম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা কপিলমুনি বাজারে ভাজারে ব্যবসা করে আসছেন। তবে আগের যেকোন সময়ের তুলনায় এখন ১০, ২০ ও ৫০ টাকার নোটের কোনায় সময় পোড়া দাগ বেশি পাওয়া যাচ্ছে। খুচরা টাকার সংকটে অনেকেই দেখে-বুঝে ঐ পোড়ানোট নিলেও অনেকেই তা পকেটস্থ নারাজ। আর তখনই বাঁধছে বিপত্তি।
ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় দ্রব্য (ইয়াবা) সেবনের সময় টাকার ব্যবহার এমন পরিস্থিতির জন্য দায়ী। তবে সব পোড়া নোটের উৎস্যস্থল মাদক সেবনের স্পট নাও হতে পারে বলেও দাবি অনেকের।
নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের কাছে ১০, ২০ কিংবা ৫০ টাকার নোটের গুরুত্ব অনেক। তাদের প্রতিদিনের কেনাকাটা ও ব্যবসায় এসব নোটের ব্যবহার বেশি। তাই পোড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কাও তাদের বেশি। একটু অসাবধানতায় এমন নোট নিজ পকেটে ঢুকলেই তা দ্বিতীয়বার হাতবদল রীতিমত দূরুহ। এনিয়ে প্রতিদিন ক্রেতা-বিক্রেতার বাক্-বিতন্ডাও বাড়ছে।
ব্যবসায়ীদের বক্তব্যে মাদক সেবনের সাথে পোড়া নোটের সম্পর্ক স্পষ্টত। আর এমন দাবি সত্য হলে সহজেই অনুমান করা যায, এলাকায় ঠিক কি পরিমাণ মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। যদিও থানা ও ফাঁড়ি পুলিশের কঠোর অবস্থানে প্রতিদিন আশংকাজনকহারে গ্রেপ্তার হলেও এদেও সংখ্যা বাড়ছে বৈ কমছে না। এব্যাপারে প্রশাসনের পাশাপাশি পারিবারিক ও জনসচেতনতার বিকল্প নেই বলেও মত দেন তারা।