- কয়র( খুলনা) প্রতিনিধিঃ
১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হলেও সুন্দরবনসংলগ্ন উপকূলের মানুষরা দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করেন। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি পালিত হয়ে আসছে।
সুন্দরবন ও উপকূল সুরক্ষায় নাগরিকজোট-সুন্দরবন ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশন বলছে, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। সুন্দরবন সমুদ্র ও উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন।
জীববৈচিত্র্যের প্রাচুর্যের জন্য ১৯৯২ সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেসকো সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ায় সুন্দরবন এখন দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় এক ভ্রমণকেন্দ্র। বন বিভাগ বলছে, বঙ্গোপসাগরের কোলঘেঁষে অনুপম অদ্বিতীয় সুন্দরবন গড়ে ওঠেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য নিয়ে।
বৈজ্ঞানিক, নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক বিবেচনায় সুন্দরবন খুবই গুরুত্বপূর্ণ। এই বনের মোট আয়তনের ৩১ দশমিক ১৫ ভাগই হচ্ছে জলাভূমি। বিশ্বের অন্যান্য ম্যানগ্রোভ বনের তুলনায় সুন্দরবনের জীববৈচিত্র্য অধিকতর সমৃদ্ধ। এই বনে সুন্দরীসহ রয়েছে ৩৩৪ প্রজাতির গাছপালা, ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড। বাঘ, হরিণ, কুমির, কিং কোবারা, বিলুপ্তপ্রায় ইরাবতিসহ ছয় প্রজাতির ডলফিন, ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ২১০ প্রজাতির মৎস্য সম্পদ।
সুন্দরবনসংলগ্ন এলাকার বাসিন্দাদের ভাস্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে এই জনপদ এখানো টিকে আছে শুধু সুন্দরবনের আশ্রয়ে। দেশের সর্ব দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অববাহিকায় গড়ে উঠেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি-জীববৈচিত্র্যে ভরপুর। এ বনের অপরূপ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের হাতছানি দেয়। তবে সুন্দরবন এখন অস্তিত্ব সংকটে। কিছু মানুষের লোভ-লালসা আর অপকর্মের শিকার হচ্ছে বননির্ভরশীল মানুষ ও গোটা বনের জীববৈচিত্র্য।
বন বিভাগের তথ্য অনুযায়ী , একসময় এ বনে বাস করত ৪০০ প্রজাতির পাখি। যা কমতে কমতে এখন ২৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে সাগর-নদীর পানির উচ্চতা ও লবণাক্ততা। কমে যাচ্ছে সুন্দরবনের কম লবণসহিষ্ণু সুন্দরীসহ অন্যান্য গাছ, কমছে বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্রও। একশ্রেণির জেলে সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ করায় হুমকির মুখে পড়েছে সুন্দরবনের মৎস্যভাণ্ডার। একইভাবে হত্যা করা হচ্ছে বাঘ, হরিণ, শূকরসহ অন্যান্য প্রাণী। সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিকদুর্যোগ ছাড়াও পূর্ণিমা ও আমাবস্যার জোয়ারে বনের অনেক উঁচু এলাকা তলিয়ে পানিতে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর ডিম। এতে ব্যাহত হচ্ছে বণ্যপ্রাণীর বংশবিস্তার। উজান থেকে মিঠা পানির প্রবাহ না থাকায় মিঠা পানির স্বল্পতা দেখা দিচ্ছে বনে।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) তারই অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় ইয়ুথ ফর দি সুন্দরবনের আয়োজনে ও রুপান্তরে সহযোগীতায় দিবসটি পালন করা হয়। দিবসটিকে ঘিরে বন সংলগ্ন উপজেলার কাটকাটা এলাকায় নেওয়া হয় নানা কর্মসূচী। আলোচনা সভায় সুন্দরবনে নতুন সরকারের কাছে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সদস্য আশিকুজ্জামান, আমিরুল ইসলাম, সবুজ, রাসেল রানা,আমিনুর, আমিরুল ইসলাম, সুব্রত মুন্ডা, জাকি মুজাহিদ, সোমেন মুন্ডা প্রমুখ। এবার সুন্দরবন দিবসের প্রতিপাদ্য ‘ সুন্দরবনকে ভালোবাসুন’ জীব বৈচিত্রকে ভালোবাসুন, বাঁচাই সুন্দরবন,বন্ধ করি প্লাস্টিক ও বিষ দূষন।
ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডা বলেন, ‘সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে আমাদের পরিবেশ-প্রতিবেশ। সুন্দরবন মায়ের মতোই প্রতিটি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করে। যারা বুঝে বা না বুঝে এ বনের ক্ষতি সাধন করে আসছেন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকেই রুখে দাঁড়াতে হবে। কারণ, এর টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি অনেকাংশেই নির্ভরশীল।’
কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যপক আ,ব,ম আব্দুল মালেক বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুন্দরবন আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ। এটি শুধু আমাদের দেশের পরিবেশই নয়, বরং বৈশ্বিক পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বাস করা বন্যপ্রাণী, ম্যানগ্রোভ গাছ, জলজ পরিবেশ—সবই পৃথিবীর জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সুন্দরবন রক্ষা আমাদের সবার দায়িত্ব।”আজকের এই সুন্দরবন দিবসে আমরা একসঙ্গে প্রত্যয়ী হই, যাতে আমাদের প্রজন্ম সুন্দরবনকে রক্ষা করতে পারে। প্লাস্টিক দূষণ, বনভূমির পাচার, এবং জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের উপকূলে যে সংকট সৃষ্টি হচ্ছে, তা সমাধানে আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে।