- যশোর জেলা প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি সানাপাড়া গ্রামে অবস্থিত ‘নিউ ব্রিকস’ ইটভাটা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
বিদ্যালয়ের শিক্ষার্থী, জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ধুলোবালি ও শব্দদূষণে অতিষ্ঠ জনজীবন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইটভাটার মাটি বহনকারী ভারী ট্রাকগুলোর অবিরাম চলাচল এবং বিকট শব্দের কারণে ছোট শিশুদের ঘুম পাড়ানো অসম্ভব হয়ে পড়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা ট্রাক ও যন্ত্রপাতির কানফাটা শব্দে গ্রামের স্বাভাবিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া ও উড়ন্ত ধুলোবালির কারণে প্রবীণ ব্যক্তিরা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গ্রামের মানুষ শীতের মিষ্টি রোদে শান্তিতে বসার বা খোলা বাতাসে স্বস্তিতে শ্বাস নেওয়ার অধিকারটুকুও হারিয়ে ফেলেছেন। ঝুঁকিতে দুই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘন জনবসতির একদম কাছে এবং হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজরাকাটি মাধ্যমিক বিদ্যালয়-এর সন্নিকটেই এই ইটভাটাটি স্থাপন করা হয়েছে। প্রতিনিয়ত ইটভাটার কালো ধোঁয়া এবং ট্রাকের ধুলোবালির মধ্য দিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে। এতে কোমলমতি শিশুরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। ক্লাসরুমে বসেও শিক্ষার্থীরা ট্রাকের বিকট শব্দের কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। প্রশাসনের আশ্বাসেই সীমাবদ্ধ, মেলেনি সমাধান।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এক ভুক্তভোগী যুবক অভিযোগ করেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই ইটভাটার বিরুদ্ধে আমরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসক (ডিসি) এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা শুধু আশ্বাসই পেয়েছি, সমাধান পাইনি। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
বক্তারা বলেন, এই ইটভাটার কারণে শুধু মানুষের স্বাস্থ্যই নয়, বরং আশেপাশের উর্বর কৃষিজমিরও মারাত্মক ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই দুর্ভোগ সহ্য করলেও প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা না থাকায় সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে ‘নিউ ব্রিকস’ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার জোর দাবি জানান। অন্যথায়, মানুষের জীবন, পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।