মুন্সীগঞ্জে ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
প্রকাশিত :
শুক্রবার, ১৫ মে, ২০২৬
৩১
বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় ডা. সুজন শরীফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে আগত ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
এসময় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মাঝে প্রায় ৮ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মো. কামরুজ্জামান রতন। এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও জনসেবামূলক এমনসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সমাজসেবক ইকবাল পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কেবল তারা এ মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন, যা সকলের আন্তরিকতায় ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।