সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি অপদ্রব্য জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দের পর সেগুলো জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে সদরের ব্যস্ততম সংগীতা মোড় এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেনের নেতৃত্বে শহরের সংগীতা মোড়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি চিংড়িবাহী যানবাহনে তল্লাশি চালিয়ে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও তরল জেলি পুশকৃত আনুমানিক ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লাভের উদ্দেশ্যে উক্ত জেলি পুশ করেছিল।
পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত বিপুল পরিমাণ চিংড়ি মাছগুলো শহরের প্রধান সড়কের পাশে এনে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণ বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন জানান, চিংড়ির ওজন বাড়িয়ে সাধারণ ক্রেতাদের ঠকানো এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন ভেজালবিরোধী ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।