সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বিএইউএসটি) জনকল্যাণ কমিটির ৬ষ্ঠ সভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র (বিএইউএসটি) উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিই। সভায় স্বাগত বক্তব্য বলেন ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে। কর্নেল (অব.) মো. নাঈম। তিনি তথ্যচিত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সার্বিক শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও রিয়াদ আরফান সরকার রানা, কামারপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো.আব্দুল গফুর সরকার, শহীদ পরিবারের সন্তান প্রকৌশলী মো. মোনায়মুল হক, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার পোদ্দার রাজু, সাংবাদিক আমিনুল হক, এম আর আলম ঝন্টু ও আমিরুল বাপ্পী, বাঙ্গালীপুর ইউপি সদস্য আনিছুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগে সৈয়দপুরে উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় এটি শিল্পনগরী হিসেবে খ্যাতি পেলেও এর অপূর্ণতা ছিল। কিন্তু আর্মি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর আমাদের শিক্ষানগরীর পূর্ণতা দিয়েছে। উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সৈয়দপুরের জন্য অনেক বেশি গৌরব এনে দিয়েছে। এখানে সৈয়দপুরসহ আশেপাশের জেলা উপজেলার শিক্ষার্থীরা অনেক সাশ্রয়ে সুশৃংখল, সুন্দর পরিবেশের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছেন।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চ শিক্ষা বিস্তারের এগিয়ে চলেছে। আগামীতে বিশ্ববিদ্যালয়টি স্বগৌররে অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মতবিনিময় সভা সুধীজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।