- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
২৪ এর গণআন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা সহ নানা আয়োজনে সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজন করে নানা অনুষ্ঠানের।
এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরনসভা ও আলোচনা।
এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে করে আলোচনা সভা। সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে জুলাই শহিদ স্মরণ করে এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ধীমান ভূষণ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, ২৪ এর গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার সাভারে নিহত শহিদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, এনসিপি নেতা জাবেদ আত্তারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক বিজয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ২৪ এর গণঅভ্যুত্থান ইতিহাস সৃষ্টি করেছে। গণআন্দোলন চলাকালে জুলাই শহিদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদান জাতি সারাজীবন স্মরণ করবে।
এরআগে শহরের হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। পরে শহিদ সাজ্জাদ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জুলাই শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।