সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু শিবিরে বিভিন্ন বয়সী তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
সংগঠনটির আয়োজনে শনিবার (২১সেপ্টেম্বর) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে (বাংলা হাইস্কুল) ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় দিনব্যাপী ওই চক্ষু শিবিরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া চোখের ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাইসহ যাবতীয় ব্যবস্থা করা হয়। দিনব্যাপী এই শিবিরে সার্বিক তত্বাবধানে ছিলেন বিনামূল্যে চক্ষু শিবির কর্মসূচীর সূচনাকারী খাতিবে আযম পীরে কামেল আল্লামা সৈয়্যদ কালিম আশরাফী।
চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. নুর উদ্দিন আশরাফী । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে গাউসিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব তাসলিম আশরাফী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খলিফা ইসলাম আশরাফী, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাখশি, মাওলানা মারগুব আশরাফী, খালিদ আজম আশরাফী, আশরাফ আশরাফী সাংবাদিক নওশাদ আনসারীসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। গাউসিল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাহমিদা নাজনিনের নেতৃত্বে ৭ জন চিকিৎসক ওই শিবিরে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন। এছাড়া শিবিরে আসা চোখের ছানি অস্ত্রোপচারে ৫০ জন ছানি রোগী রাগীকে বাছাই করা হয়। তাদেরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।
আঞ্জুমানে গাউসিয়ার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী জানান, খাতিবে আজম সৈয়্যদ কালিম আশরাফীর নির্দেশনায় প্রতি বছরই অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।