সৈয়দপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজা (৩২) ওরফে ট্যাপেন্টা রাজাকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ট্যাপন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের অভিজাত মার্কেট সৈয়দপুর প্লাজা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় অভিযান চলাকালে গোপন সংবাদে জানতে পারেন, সৈয়দপুর প্লাজার
২য় তলায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, আকমল হোসেন, সোহরাব
হোসেনসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার মো. আকতার এর পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজা ওরফে ট্যাপেন্টা রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশের কাছে সে দীর্ঘদিন থেকে মাদক বেচাকেনা করার কথা স্বীকার করে।
এ ঘটনায় রাতে তাঁর বিরুদ্ধে মামলা হলে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে নীলফামারী জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। মাদকের সাথে কোন আপোষ নেই জানিয়ে তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।