নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছইল পলিপাড়ায় ওই আগুনের ঘটনা ঘটে। এতে পরিবারগুলোর ১৩টি টিনের ঘর, ধান, চাল, পাট, হাঁস,মুরগি, কবুতর, আসবাবপত্র, কাপড়চোপড়সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শীত কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জানা গেছে, ঘটনার দিন রবিবার রাত আড়াইটার দিকে ওই এলাকার আছাদুলের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে মমতাজ , আলমগীর , আব্দুস্ সামাদ, শাহিন বাদশা, আবুল কালাম আজাদ ও জুলফিকার আলীর বাড়িতে। এসময় ক্ষতিগ্রস্থরা তাদের সম্পদ বাঁচাতে প্রাণপন চেষ্টা চালায়। খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পরিবারগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা নিজেদের পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যূতিক শর্টসাকিট কিংবা মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অনেকে।
খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট) সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে তাদের পূর্নবাসনের জন্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
খাতামধুপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন পাঠানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।