- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ আপামর জনতা।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি -বেসরকারি, প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। পরে একইস্থানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে সৈয়দপুর মিনি স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের সুচনার পর সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমা।
সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস্ রোভার স্কাউটস, গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনকারীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে কুচকাওয়াজ অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মাহফুজুল আলমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে দেয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে পালন করা অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল,সিনেমা হলে ছাত্র ছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহ করা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, সুবিধা মতো সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল ও ক্রিকেট, হাডুডু খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা এবং দেশ ও জাতির অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিতরন করা হয় উন্নতমানের খাবার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় প্রীতি ফুটবল, ক্রিকেট ম্যাচের। এছাড়া বিভিন্ন স্থাপনায় আলোকমালায় সজ্জিত করা হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাম দলীয় ঐক্য, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী, শিল্প সাহিত্য সংসদ, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি, সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতিসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সৈয়দপুর রেলওয়ে মাঠে দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।