- কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা বাজারে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সদরের ব্যবসা প্রতিষ্ঠান ‘নুপুর জুয়েলার্স’-এর দেয়াল কেটে আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। যা বর্তমানে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম নজরে আসে । ঐ দোকানের মালিক প্রভাত কুমার ভদ্র জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে যান। দোকানের দরজা (সাটার) খোলার পরই দেখতে পান দোকানের উত্তর-পূর্ব কোণের ছাদ সংলগ্ন দেয়ালটি ভাঙা। দোকানের ভেতরের শোকেস ও আলমারিগুলো ছিল তছনছ করা।
ভুক্তভোগী মালিকের ভাষ্যমতে:”সকালে এসে দেখি দেয়াল ভাঙা আর ভেতরটা লণ্ডভণ্ড। মুহূর্তেই বুঝতে পারি সবকিছু শেষ হয়ে গেছে। ধারণা করছি, গভীর রাতে অত্যন্ত পরিকল্পিতভাবে দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকেছে চোরেরা। এতে করে আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল ও টাকা খোয়া গেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, সংবাদটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।