- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছায় জমিজমা সংক্রান্তে বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী (৭৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল (সামবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কপিলমুনির নাবা গ্রামে।
পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, বাড়ির সীমানায় মাত্র ২ শতক জায়গার বিরোধ নিয়ে নাবা গ্রামের মৃত মাদার বৈরাগীর মেঝ ছেলে নিহত বীরেন্দ্র নাথ বৈরাগী ও সেঝ ছেলে কিরণ বৈরাগীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। যার সূত্র ধরে সোমবার সকালে বিবাদমান জমিতে ইট রাখা নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে কিরণ বড় ভাই বীরেন্দ্র নাথ ওরফে বিরেনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে সংজ্ঞা হারায়। তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তার অশোককে ডেকে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। তবে নিশ্চিত হতে স্বজনরা তাৎক্ষণিক তাকে কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রাচী শিকদার তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পাইকগাছা থানা, কপিলমুনি ফাঁড়ি পুলিশ ও পরে এএসপি ডি-সার্কেল আমির হামজা ঘটনাস্থল ও কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতাল পরিদর্শন ও নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে প্রস্তুত করেন।
ধারণা করা হচ্ছে, ছোট ভাইয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম কিবরিয়া জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সর্বশেষ ঘটনায় উভয় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।