- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার কপিলমুনির রামনগর এলাকায় সরকারি দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় একটি ক্লাবের নামে সরকারি রাস্তার গাছ বিক্রির ঘটনা ঘটেছে। খবর পেয়ে শনিবার (১৬ মে) সকালে উপজেলা বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে গাছ কাটা বন্ধ করে দিয়েছে।
অভিযোগে জানানো হয়, স্থানীয় রামনগর গ্রামের হাকিমসহ কতিপয় যুবক রামনগর মনষা মন্দির সংলগ্ন কালীপদর বাড়ি- দেবেন ঘোষের বাড়ি অভিমুখে সরকারি রাস্তার জায়গায় লাগানো একটি বিশালাকৃতির লম্বু (মেহগনি প্রকৃতি) গাছ কাশিমনগর এলাকার জনৈক গাছ ব্যবসাযী শফিকুল ইসলামের নিকট ৫৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে।
শফিকুল ইসলাম সরকারি রাস্তার উপর জেনেও নাম মাত্র মূল্যে গাছটি ক্রয় করে শুক্রবার থেকে গাছ কর্তন শুরু করে। প্রথম দিন গাছের সমুদয় ডাল কেটে পরের দিন শনিবার গাছের গোড়া খুঁড়ার কাজ শুরু করে।
এদিকে সরকারি গাছ বিক্রির বিষয়টি এলাকাবাসী পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তকে নির্দেশ দেন।
সকালে বনকর্মকর্তা প্রবীর দত্ত ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পেয়ে গাছ কর্তনের কাজ বন্ধ করে দেন।
এব্যাপারে গাছ ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, স্থানীয় হাকিমসহ কতিপয় যুবক স্থানীয় নবদূত সংঘের উন্নয়নের নামে সরকারি দলের নেতা পরিচয়ে গাছটি তার কাছে ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
যার ১৫ হাজার টাকা স্থানীয় ইউপি সদস্য’র মাধ্যমে ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা রয়েছে বলেও জানানো হয়।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য অজিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২/৩ দিন আগে মোবাইলে জনৈক বিএনপি নেতা পরিচয়ে গাছটি বিক্রির কথা বললে তিনি সরকারি নিয়ম অনুসরণপূর্বক ইউনিয়ন পরিষদের কোষাগারে হিস্যানুযায়ী টাকা জমা দেওয়ার কথা বলেন বলে জানান।
বন কর্মকর্তা প্রবীর দত্ত’র কাছে মোবাইলে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে তিনি ঘটনাস্থলে পৌছে গাছটি সরকারি রাস্তার সীমানায় দেখে এর কর্তনকাজ বন্ধ করে ইউএনও মহোদয়কে মেসেজ করেছেন। এছাড়া সংশ্লিষ্ট সকলকে ইউএনও স্যারের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বলে জানান।
জানাযায়, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছু দিন ধরে সরারি রাস্তার পাশে লাগানো গাছ বিভিন্ন অযুহাতে কর্তন করে বিক্রি শুরু করেছেন। গত কয়েক দিন পূর্বে কপিলমুনির কাশিমনগর শিশুতলা এলাকায় রাস্তার পাশে লাগানো একটি মৃত শিশু গাছ কপিলমুনি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইউনুস আলী মোড়লের নির্দেশে ২০ হাজার টাকায় বিক্রি করে জমি মালিককে আড়াই হাজার টাকা দিয়ে বাকি টাকা পকেটস্থ করেছেন।
এলাকবাসী এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।