- আক্তারুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব জনতার সংবর্ধনায় সিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৬ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপির সব স্তরের নেতা-কর্মী এক মঞ্চে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দিয়েছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্যাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনজীবী সৈয়দ ইফতেখার আলী, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আবদুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, হাসান হাদী, তারিকুল ইসলাম এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা।
বক্তারা তাঁদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা দলীয় ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের প্রহরী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করে নেতারা বলেন, অনৈক্যের কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির পরাজয় হয়েছিল। তবে আজ অনৈক্যের সেই দেয়াল ভেঙে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোনো নির্বাচনে বিজয়ী হতে এই ঐক্যকে আরও সুসংগঠিত করতে হবে।
দায়িত্ব গ্রহণের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, “এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর।”
সাতক্ষীরাবাসীর মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে উল্লেখ করে নতুন প্রশাসক জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, “সাতক্ষীরাকে বাংলাদেশের একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের নেতা আনিসুজ্জামান আজাদী।