- নিজস্ব প্রতিবেদক, কয়রা ::
সুন্দরবনের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসার খাল এলাকায় বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে গোলাগুলির এই ঘটনায় শওকত সরদার (৬০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় সুন্দরবনের দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল সাড়ে ৯টার পর দুলাভাই বাহিনীর প্রধান আহত রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে ফের তাকে সঙ্গে নিয়ে গেছে কোস্টগার্ডের সদস্যরা।
নিহত শওকত সরদার ৩ নং ওয়ার্ড মহেশ্বরীপুর এলাকার ইজাহার সরদারের ছেলে। ৬নং ওয়ার্ডের তেতুল তলা গুচ্ছপাড়ায় তার বসবাস।
তার পরিবারের দাবি, তিনি বনদস্যু নয়। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রাখে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহত কিংবা নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।
হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর জেলে রবিউল ইসলাম (৫০) কে সকাল ৯টা ৫৫ মিনিটে হাসাপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল।

নিহত জেলে শওকত সরদার (৬০)
কয়রার মহেশ্বরীপুর গ্রামবাসির একাধিক সূত্র জানায়, সেখানকার মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলা ভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তার মৃত্যুর পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল দুলাভাই বাহিনী নামে নতুন দস্যু দল গঠন করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জানান, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যু নিহতের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, আমরাও বিষয়টি শুনেছি। কোস্টগার্ড বিস্তারিত বলতে পারবে।
এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সাথে কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনী প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা অভিযানে আছেন, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।