- আক্তারুল ইসলাম ::
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রামের আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের
নিখোঁজের দুই দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান,শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি আবাসন প্রকল্পে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
১০ জুলাই শুক্রবার সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।পরে পরিবারের সদস্যরা এটি আব্দুর রহমানের লাশ বলে দাবী করেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।