কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
৩৫
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
কয়রায় মুন্ডা ও মাহতোদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা ( সাউস)। জানা গেছে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় খুলনার কয়রা উপজেলার পিছিয়ে পড়া মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের আদিবাসী সদস্যরা এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। ওদের জনগোষ্ঠীর প্রায় সদস্যরা দারিদ্রতার মধ্যে জীবন যাপন করে থাকে। ঐ জনগোষ্ঠীকে একটু সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে সাউস।
এরই মধ্যে সংস্থার উদ্যোগে তাদের নিজস্ব ভাষা সংরক্ষণ, জীবন মান উন্নয়ন, শিক্ষায় অগ্রসর হওয়া সহ নানাবিধ কাজ করে প্রশংসা কুড়িয়েছে। শুধু তাই নয় বিভিন্ন দিবস উদযাপন, সচেতনতামুলক কার্যক্রম চলমান রেখেছে উক্ত সংস্থাটি।
চলতি মাসের শুরুতেই সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার ( সাউস) আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা বাজারে এই আঞ্চলিক অফিসের কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা, পরিচালক বাবলু বিশ্বাস, কাটকাটা বাজার কমিটির সভাপতি আঃ সালাম, সংস্থার সিইও ও সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডা, আদিবাসী সদস্য রনজিত মাহতো, সিবানী মাহতো, বিভূতি ভূষণ মাহাতো, অশ্বীনী মুন্ডা।
সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা ( সাউস) এর নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা বলেন, আদিবাসী সদস্যদের মুখে একটু হাসি ফুটাতে সাউস বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এই সংস্থার মাধ্যমে একটু ফান্ড পেলে কাজ করতে সুবিধা হতো। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি দাতা সংস্থার নিকট ফান্ড পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।