দীপ্ত নিউজ ডেস্ক:
বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা পরিষ্কারভাবে লেখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।
এর আগে, সকাল সোয়া ১০ টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন তিনি। এসময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংঠনের নেতাকর্মী ও উপস্থিত স্থানীয়রা তাকে নববর্ষের শুভেচ্ছা জানান।