দীপ্তনিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম ৩১ কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রোরেল পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন তিনি। এরপর সুধী সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি।
এই সফর কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলে যোগ দিয়েছেন। সবমিলিয়ে রূপগঞ্জের পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪ এ তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেইসঙ্গে মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, দেড় লাখের বেশি লোক সমাবেশে উপস্থিত হবেন। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসএসএফের সঙ্গ সমন্বয় করেছি। পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।