- নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে কবরস্থানের জায়গা খরিদপূর্বক সেখানে দোকানঘর নির্মাাণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাঃ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আঃ সাত্তার ফকির, মাসুম হাজরা, শেখ ইকবল হোসেন, মজিদ গাজী, জলিল বিশ্বাস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কবরস্থানের জায়গা দখল করে বাজারের যশোর গ্লাস হাউজ’র স্বত্ত্বাধিকারী মোঃ আসাদুল ইসলাম গাজী দোকান ঘর নির্মাণ করছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তারা এ নির্মাণকাজ বন্ধের আহ্বান জানান।
অভিযোগের প্রেক্ষিতে আসাদুল ইসলাম গাজী বলেন, তিনি ০.০৩০৭ একর জমি ক্রয়পূর্বক সেখানে দোকান ঘর নির্মাণ করছেন।
সূত্র জানায়, স্থানীয় সরদার পরিবারের পক্ষে বহু পূর্বে কপিলমুনি সদরের নগর শ্রীরামপুর মৌজায় একটি কবরস্থান প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে সেখানে শত শত মানুষের দাফন সম্পন্ন করা হয় সেখানে। সর্বশেষ বিআরএস জরিপে সেই জায়গা কবরস্থান শ্রেণিতে ব্যক্তি মালিকায় রেকর্ড সম্পন্ন হয়। এই সুযোগে মূল মালিকদের ওয়ারেশরা অপকৌশলের আশ্রয় নিয়ে পর্যায়ক্রমে সেখানে ইমারত নির্মাণ ও কথিত শ্রেণি পরিবর্তন দেখিয়ে মালিকানা হস্তান্তর পূর্বক ইমারত নির্মাণ করে আসছেন। সর্বশেষ মো: আসাদুল ইসলাম নামে এক ব্যক্তি ঐ জমি খরিদ করে সেখানে ইমারত নির্মাণ শুরু করলে তা স্থানীয়দের দৃষ্টিগোচর হয়।
প্রাথমিকভাবে তারা স্থানীয় ভূমি প্রশাসনকে অবগত করে এর নির্মাণকাজ বন্ধ করে দিলেও প্রভাবশালীদের আয়ত্ত্বে নিয়ে ফের নির্মাণকাজ শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা ব্যর্থ হয়ে ঐ মানববন্ধন ও পথসভার আয়োজন করে। ঘটনায় ভবিষ্যতে তারা আরোও বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেন।