- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছা উপজেলার পার রামনাথপুর ভূমিহীন পল্লীর ৫৬ টি ভুমিহীন পরিবারের বন্দোবস্ত প্রাপ্ত জমি জবরদখলে তাদের বসত-বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে আঞ্চলিক ভূমিহীন সংগঠন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ভুমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী, চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস, মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন।
কর্মসূচী শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
উল্লেখ্য গত ১০ মে বিকেলে পার রামনাথপুর মৌজায় ৫৬ টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী-পুরুষদের উপর অত্যাচার করে। এ ঘটনায় থানায় মামলা হলে খবর পেয়ে গভীর রাতে দু’টি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। ঘের ও বাড়িতে লুটপাট চালায় দখলদাররা।
শুধু এখানেই শেষ নয়, পরেরদিন ভুমিহীনদের নামে থানায় একটি কাউন্টার মামলা করে তারা। এর প্রতিবাদে ১৮ মে (সোমবার) পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করে ভূমিহীন সংগঠন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তরা সন্ত্রাসী- ভুমিদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করে বলেন, ভুমিহীনদের জানমালের নিরাপত্তা না দিলে অসহায় পরিবারগুলো ঠিকানাবিহীন উদ্বাস্তু হবে।