- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাঁকা বাজার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সাতক্ষীরার পলাশপোর এলাকা থেকে উদ্ধার ও একই সাথে সংশ্লিষ্ট চোর ফারুক মোড়ল (৩৫) কে আটক করা হয়েছে।
আটক ফারুক সাতক্ষীরার তালা উপজেলার তেরছি আড়ংপাড়া গ্রামের মালেক মোড়লের ছেলে।
থানা পুলিশ ও মামলার বিবরনে জানানো হয়, গত ২৪ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার থেকে কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের মো. জামিরুল গাজীর ছেলে জিএম মাসুমের মালিকানাধীন একটি হোন্ডা হর্নেট ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ল ১২-২২১৫) চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী জিএম মাসুম গত ২৮ জুন দিবাগত রাতে পাইকগাছা থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৬।
এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।
সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার সার্বিক দিকনির্দেশনা এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধায়নে এসআই পিংকু মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত ফারুক মোড়লকে গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।