- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শন করেছেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আজ সোমবার (১ জুন) সকাল ১১ টায় তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত উপকেন্দ্রে পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, গ্রাহকসেবার মান এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও প্রতিকার সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করেন।
এসময় তিনি বলেন, জনগণের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় পাইকগাছায় নতুন গ্রিড নির্মাণ এবং কয়রায় সাব-স্টেশন স্থাপনের প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে চলমান এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা ও কয়রাসহ পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ করে ভোল্টেজজনিত সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী ২০২৭ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন ও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি গ্রাহকভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সেকেন্ড অফিসার আতিকুর রহমান, এজিএম ইলিয়াস পাটোয়ারী, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, ডা. আসাদুল ইসলাম, মো. ফিরোজ আহমেদ, মো. সফিয়ার রহমান, তামিম রায়হান, মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুধীজন।
পরিদর্শন শেষে এমপি মাওলানা আবুল কালাম আজাদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রতি গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত, কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।