মিজানুর রহমান মিলন, (সৈয়দপুর) নীলফামারী::
নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুই পাইকারি সবজি মার্কেটের চলমান বিরোধের নিষ্পত্তি হয়েছে। প্রায় এক বছর ধরে চলা এই বিরোধে সবজি ব্যবসায় চরম অস্থিরতা দেখা দেয়। ফলে গ্রাম থেকে আসা সবজি বিক্রেতারা দুই মার্কেট কমিটির রেষারেষিতে পণ্য বিক্রি নিয়ে বিপাকে পড়েন। এতে দামে ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন সবজি উৎপাদকরা। এমকি উভয় মার্কেটের ব্যবসায়ীরাও বিরোধে জড়িয়ে ব্যবসায় লোকসান গুনছিলেন।
শহরের মিস্ত্রিপাড়া বাইপাস সড়কে অবস্থিত সৈয়দপুর পৌর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও কুন্দল এলাকায় বিসমিল্লাহ পাইকারি সবজি বাজার সমিতির মধ্যে ব্যবসা নিয়ে সৃষ্টি হয় এ বিরোধ। এ নিয়ে দুই মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ অবস্থানে থাকার যৌক্তিকতা তুলে নানা কর্মসূচি পালন করে। ফলে পরিস্থিতি নাজুক হয়ে উঠলে বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে আসেন সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম সিদ্দিকী।
তাঁরই আন্তরিক প্রচেষ্টায় পৌর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও বিসমিল্লাহ পাইকারি সবজি বাজার ব্যবসায়ী সমিতির মধ্যকার বিরোধের নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কেটের সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম ও মো. মকসুদ আলম গোল্ডেন।
সুত্র মতে, সবজি ব্যবসায়ীদের উদ্যোগে ২০২০ সালে সৈয়দপুর পৌর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতি শহরের মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের পাশে নিজস্ব কেনা জমিতে স্থায়ী পাইকারি সবজি মার্কেট চালু করে। এর একপর্যায়ে ব্যবসায়ীক বিরোধে ব্যবসায়ীদের একটি অংশ শহরের কুন্দল বাইপাস সড়কে গেল বছরের মাঝামাঝি সময়ে বিসমিল্লাহ পাইকারি সবজি বাজার নামে চালু করেন আরেকটি মার্কেট। এতে বিবাদে জড়িয়ে পড়েন দুই মার্কেটের ব্যবসায়ী নেতারা। সে সময় ব্যবসায়ীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। ফলে সবজি ব্যবসায় সৃষ্টি হয় অনিশ্চয়তা। সে সময় বিবাদ মেটাতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলা, উপজেলা ও থানা প্রশাসন একাধিক বৈঠকে বসলেও তা ফলপ্রসূ হয়নি।
এ অবস্থায় রাজনৈতিক পট পরির্বতনের পর বিরোধ সমাধানে উদ্যোগ নেন সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম সিদ্দিকী। তিনি বিরোধ নিরসনে দুই মার্কেটের নেতৃবৃন্দকে নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন। সম্প্রতি মার্কেট কমিটি ও অন্যান্য ব্যবসায়ী নেতাদের সর্বশেষ বৈঠকে ওই বিরোধের নিষ্পত্তি করা হয়। বৈঠকে দুই পাইকারি সবজি মার্কেটের নেতৃবৃন্দ একত্রে মিলে ব্যবসা পরিচালনায় সম্মতি প্রকাশ করেন।
এ নিয়ে কথা হয় সৈয়দপুর পৌর পাইকারি কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম ও বিসমিল্লাহ পাইকারি সবজি মার্কেটের সাধারণ সম্পাদক মো. মকসুদ আলম গোল্ডেনের সঙ্গে।
তাঁরা জানান, আমরা চাইনা, আমাদের বিরোধের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিল করুক। তাই আমরা দীর্ঘদিনের বিবাদ ভুলে একত্রে ব্যবসা করতে ঐক্যমত্যে পৌঁছেছি। শিগগির আমরা দুই মার্কেটের ব্যবসা পরিচালনায় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবো। তাঁরা আরও বলেন, পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকীর বহুপাক্ষিক উদ্যোগের ফলে চলমান বিরোধের শান্তিপূর্ন সামাধান হয়েছে। এতে দুই মার্কেটের ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর – ই – আলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি বলেন, ব্যবসায়ীদের মাঝে ঐক্য বজায় রাখাসহ সৈয়দপুরের স্বার্থে সকলের সহযোগিতায় দুই মার্কেটের দ্বন্দ্ব নিরসন করা হয়েছে। তিনি বলেন দুই মার্কেট কমিটির নেতৃবৃন্দের আন্তরিকতা ছিল বলেই বিরোধের নিষ্পত্তি হয়েছে। ভবিষ্যতে তাদের
ঐক্যের বন্ধন অটুট থাকবে বলে আশাব্যক্ত করেন তিনি।