- শার্শা (যশোর) থেকে আব্দুল মান্নান ::
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান দিয়ে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বেনাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে ১০০ থেকে ১১০ জনকে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তের আলো (ফ্লাডলাইট) বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছে বিজিবি। বিজিবির দাবি, বেনাপোলের ১৯/৬-
এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে পুশইন করার অপচেষ্ট করে। তবে বিজিবির সদস্যরা দ্রুত সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ১০ থেকে ১২ জন ব্যক্তি এখনো সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদেরও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে বিজিবি। এ কারণে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে তারা সফল হতে পারেনি। তিনি আরও বলেন, এখনো ১০ থেকে ১২ জন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের পাশে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা হতে পারে।
বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।