মুন্সিগঞ্জ প্রতিনিধি::
মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক কলেজ ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী মো. সানাউল্লাহর ছেলে কাউসার আহমেদ। সে সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র।
আজ রবিবার দুপুর ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গুলিবিদ্ধ কাউসারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় নতুন করে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ওই শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছে। বিষয়টি মুন্সীগঞ্জ থানাকে জানানো হয়েছে।
মুন্সিগঞ্জ পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় ফয়সাল সরদার গ্রুপ ও নাহিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় উত্তেজনা চলছিলো একপর্যায়ে দুপুরের দিকে তারা মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় মাকহাটি এলাকায় ধাওয়া পাল্টা ও গুলা-গুলির ঘটনা ঘটে। গুলি বিনিময়ের মাঝখানে পড়ে গেলে কলেজ ছাত্র কাউসার গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
মুন্সিগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান সাংবাদিকদের জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে নাহিদ ও ফয়সাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে ডিবি পুলিশ কাজ করছে। সর্বশেষ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গুলিবিদ্ধ কাউসার আহমেদ জানান, অতর্কিত একপক্ষের ফয়সাল সরকার শর্টগান দিয়ে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান জানান, রোগীর গায়ে হাতে পায়ে বিভিন্ন স্থানে শর্টগানের গুলিবিদ্ধ ছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।