সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দিনাজপুর বোর্ডের অধীনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪টি কলেজের মধ্যে ১২টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭ জন।
এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩ জন, মানবিক বিভাগে ১১৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জন জিপিএ -৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এবারের পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে তিনটি কলেজের পরীক্ষার্থীরা।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ। তবে সৈয়দপুরে সৈয়দপুরে তিনটি নারী বিদ্যাপীঠের মধ্যে শতভাগ পাসের সেরা সাফল্য এবং জিপিএ -৫ প্রাপ্তিতে উপজেলায় নবম হয়েছে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।
পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুরে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪ জন মানবিকে ৫৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে অবস্থানগত দিক থেকে তৃতীয় রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে ১৩৯ জন, মানবিকে ১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন জিপিএ – ৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন। আর উপজেলায় পঞ্চম অবস্থানে রয়েছে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ কলেজটি থেকে তিন বিভাগে জিপিএ- ৫ পেয়েছে ৫১জন। এদের মধ্যে বিজ্ঞানে ৩৫ জন, মানবিকে আটজন ও ব্যবসায় শিক্ষা বিভাগে আট জন। এছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে আটজন, কামারপুকুর ডিগ্রী কলেজ থেকে পাঁচজন, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ থেকে চারজন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এবারে এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা অনেক আনন্দিত। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করবো জয়। আমরা মূলতঃ শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণ শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা সামর্থ্যবান হওয়া সত্বেও তাঁদের ইচ্ছেকে সঠিকভাবে প্রস্ফুটিত করতে পারে না। তাই আমরা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের শ্রেণি বিন্যাস করে তাদের ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী সমন্বয় করে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করে থাকি।