সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণের জন্য নীলফামারী জেলাসহ রংপুর বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করবেন। পরে তিনি নীলফামারীতে যাবেন। সেখানে সকাল ৯ টায় নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
এসময় তাঁর সাথে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে দলটির সুত্রে জানা গেছে।
এদিকে দলের কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রায় ১৭ বছর পর নীলফামারীতে জামায়াতের প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি নেওয়ায় দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
নীলফামারীতে দিনব্যাপী কর্মসূচি সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার সারাদিনই নীলফামারী পৌর মাঠ ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত। জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময়ও করা হয়েছে। দলের আমীরের কর্মসূচিকে ঘিরে গোটা নীলফামারী জেলা সদর এখন মুখরিত।
এদিকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত সপ্তাহব্যাপি কর্মসূচি পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গল ও বুধবার শহরজুড়ে মোটর সাইকেল র্যালি ও স্বাগত র্যালি বের করে সংগঠনটি। শহরের জিআরপি মোড়স্থ স্মৃতি অম্লান চত্ত্বর থেকে উভয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংগঠনটির সৈয়দপুর শহর আমীর মো. শরফুদ্দিন খান বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নীলফামারীতে এটি প্রথম কর্মী সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে আমরা সৈয়দপুর শহর ও উপজেলা জামায়াত সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নিবে বলে জানান তিনি।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, ৮ নভেম্বর সকাল ৮ টায়
সৈয়দপুর বিমানবন্দরে আসবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এসময় সৈয়দপুরবাসীর পক্ষ থেকে আমীরে জামায়াতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হবে। এরপর মোটরসাইকেল, মাইক্রোবাস, কার ও পিকআপের বিশাল বহরের সাথে সড়ক পথে নীলফামারীতে যাবেন তিনি এবং সেখানে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে যােগ দিবেন। বিকেলে তিনি জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রশাসন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করবেন। রাতে সৈয়দপুর বিমানবন্দর হয়ে তিনি ঢাকা ফিরে যাবেন।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গোটা জেলায় ব্যানার, পোস্টার, মাইকিং ও দাওয়াতী কার্ড বিতরণসহ ব্যাপক কর্মসূচী পালন করে সংগঠনটি। এদিকে জেলা পুলিশ প্রশাসন তার আগমনকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিয়েছে বলে জানা গেছে।