সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
(১৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুভঙ্কর শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
মঙ্গলবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে বংশীপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়দের ভাষ্য, লস্কর ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অ্যাডভোকেট আজিবার উকিলের বাড়ির কাছে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।