লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, রোগীদের যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়, মুন্সীগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
সভায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় জেলার সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতালের প্রস্তুতি, পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতাল চত্বরে পানি জমে থাকা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত ধ্বংস করার নির্দেশনার বিষয়ে আলোচনা করা হয়।
ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং জাতীয় গাইডলাইন ও প্রচলিত চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচার-প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে। তিন মাসব্যাপী এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোনো স্থানে পানি জমতে না দেওয়ার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।