সৈয়দপুরে টাস্কফোর্সের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত :
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
১১৬
বার পঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ২০ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজার বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার তদারকি দলের অভিযানে ওই জরিমানা করে। এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শামসুল আলম।
এ সময় বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের এরশাদ আলম খান, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ছাত্র প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, গোলাম আযম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় শহরের শহীদ জহুরুল হক সড়কে ফারিয়া ট্রেডার্স নামের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ১০ হাজার, কাচা সবজির সাথে খাবার সংরক্ষণ এবং পচা ও বাসি খাবার পরিবেশেন করায় শহরের শহীদ ডা. জিকরুল হকে সড়কের শাহ হোটেল নিরিবিলিকে ৭ হাজার এবং ক্রয় রশিদ না থাকাসহ অতিরিক্ত দামে মুরগি বিক্রির দায়ে গাউসিয়া মুরগির আড়তের মালিককে ৩ হাজার টাকা সহ ৩ প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামসুল আলম বলেন, বাজারের নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযানের খবর পেয়ে শহরের অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন।