আক্তারুল ইসলাম:
ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকান্ডে নিহত দুইজেনর মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার (২২ আগষ্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। তবে নিহত রেবতি সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলতায় একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুস সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭)সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার ৭ জন নিহত হয়।
তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তারা। রাতে ওই হোটেলে অগ্নিকান্ডে বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরায়। দুইদিন আইনী প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এরমধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা বন্দর নিয়ে দেশে প্রবেশ করেছে।
রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২ টার পর সাজুর মরদেহ তারা গ্রহণ করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
এদিকে তার বাড়িতে জানাযা এবং দাফনের সব প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।