মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::
রংপুর বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম বলেছেন এখানে সংখ্যাগরিষ্ঠ- সংখ্যালঘু বলে কিছু নেই। এ দুটো শব্দ অনেক সময় হিন্যমনতার সৃষ্টি করে। তাই এখান থেকে বেড়িয়ে আসতে হলে এই শব্দগুলো পরিহার করতে হবে। দেশ আমাদের সকলের, তাই আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, বলেন তিনি, ‘।
গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে সৈয়দপুরে শহরের তুলশীরাম সড়কের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সামনে তিনি ওই কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমরা সবাই এক। ধর্ম যার যার উৎসব সবার। যার প্রমাণ আজকে এই পূজামণ্ডপ। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই এককাতারে দাড়িয়েছি। সম্প্রীতির সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সত্যিই খুব ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, আশা করি সুন্দর ভাবে উৎসব শেষ হবে এবং নিশ্চয়তা দিচ্ছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবেনা।
তিনি বলেন, পুলিশসহ সকল নিরাপত্তাবাহিনী নিরাপত্তায় কাজ করছে। বিএনপি -জামায়াতের নেতাকর্মীসহ তাদের স্বেচ্ছাসেবক কর্মীরাও প্রতিটি পূজামণ্ডপে তদারকি করছেন। তাই কোন দুস্কৃতিকারী কোন ধরণের ক্ষতি করতে পারবেনা। ডিআইজি মো. আমিনুল ইসলাম বলেন, যেহেত দেশটা আমাদের, আমরা সবাই বাংলাদেশী। আমাদের যেমন অধিকার রয়েছে, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ও খ্রিস্টান ভাইবোনদেরও একই অধিকার রয়েছে। আমরা বাংলদেশী, এখানে কোন বৈষম্য থাকবে না। এবার যেভাবে উৎসাহ উদ্দীপনায় আনন্দময় পরিবেশে দুর্গোৎসব হচ্ছে আগামী বছরগুলোতেও আরও ব্যাপক আকারে তা পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মাহফুজুর আলম ও জাকির হোসেন, সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, হিন্দু কল্যান সমিতি সৈয়দপুরের সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৈয়দপুর শাখার আহবায়ক সুমিত কুমার আগরওয়ালা, দুর্গাপূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা টিকেন্দ্রজিৎ রায় মিরু, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. শরফুদ্দিন খান, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানসহ বিএনপি জামায়াতের নেতাকর্মী ও দুর্গাপূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
ডিআইজি আমিনুল ইসলাম পূজামণ্ডপে পৌছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সেখানে মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন করেন। এসময় তাঁকেসহ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এরআগে ডিআইজি আমিনুল ইসলাম কামারপুকুর ইউনিয়নের কলাবাগানে রানু এগ্রো ইন্ডাস্ট্রির নিজস্ব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় সেখানে রানু এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সুশীল কুমার দাস ও ম্যানেজিং ডাইরেক্টর সুশান্ত কুমার দাস তাঁকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।