মিজানুর রহমান মিলন,দীপ্ত নিউজ,সৈয়দপুর :
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও এখনও গণতন্ত্র ফিরে আসেনি। দেশে গণতন্ত্র
পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ছাত্রদলকে মাঠে থাকতে হবে। সাম্য, মানবিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশের জনগণের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এসব কথা বলেন।
সোমবার (২১অক্টোবর) সন্ধ্যায় সৈয়দপুরে গণসংযোগের পূর্বে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও জনগনের মাঝে দেশনায়ক তারেক রহমানের সালাম পৌছে দিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওইসব কথা বলেন।
তিনি বলেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সেখানে বসে এখনও নানা ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের দোসররা নানা উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সেসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জুলাই- আগস্টের বিপ্লব যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য ছাত্রদলকে সজাগ থাকতে হবে। ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইয়াহিয়া বলেন, গণমানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা তুলে ধরেছেন সেসবের প্রতিটি দফা জনগনের মাঝে তুলে ধরতে হবে। যাতে সাধারণ মানুষ জানতে পারে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে
বিএনপি সবসময় আন্তরিক। ছাত্রদলের ওই নেতা বলেন, দেশের মানুষের আশা আকাক্সক্ষা ও ভালবাসার দল বিএনপি। তাই ৫ আগস্ট পরবর্তী সময় দেশের মানুষ কি অবস্থায় রয়েছে তা জানতে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশেই আমরা সৈয়দপুরে এসেছি। তিনি সৈয়দপুরের ছাত্রদলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের জনপ্রিয়তা ক্ষুন্ন হয়, এমন কিছু করা যাবেনা। শৃঙ্খলা বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের পাশে দাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামাণিক, ছাত্রনেতা নাসিব রেজা লিখন, মো. জন ছাড়াও সৈয়দপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় ছাত্রনেতা ইয়াহিয়া তাদের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ নায়ক তারেক রহমানের ছালাম পৌঁছে দেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে ওইদিন শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহীদ ডা. জিকরুল হক সড়ক, মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মজিদ সড়কের কাপড় মার্কেট, নিউ ক্লথ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এসময় তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানেরশীষ প্রতিক হাতে পেয়ে বিএনপির এমন প্রস্তাবকে সমথর্ন জানান অসংখ্য মানুষজন।