খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটিতে নিজ ভাড়াবাসা থেকে আমিনুর রহমান (২০) নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আকিজ ডেইরী লি: দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ স্থানীয় কেন্দ্রের ল্যাব সহকারী এবং নীলফামারী জেলার সৈয়দপুরের বিমানবন্দর মুন্সিপাড়া এলাকার মৃত সোহেল রানার ছেলে।
থানা পুলিশ লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। তবে সে কি আতœহত্যা করেছে? নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে আতœহত্যা করলেও আতœহত্যার কারণ কি? ইত্যাদি নানা প্রশ্ন জনমনে বার বার ঘুরপাক খাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, মৃত আমিনুর রহমান উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিঃ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে কর্মরত ছিলেন।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই প্রতিষ্ঠানের যশোরের ঝিকরগাছা সেন্টারের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারস্থ ঐ সেন্টারে আসেন। এ সময় সেন্টারের মূল গেট খোলা এবং স্টাফ রুমের ভিতর থেকে লক দেখে আমিনুরকে বাইরে থেকে ব্যাপক ডাকাডাকি করতে থাকেন। তবে তার কোন সাড়া না পেয়ে শিপু ঘরের জানালা দিয়ে দেখতে পায় আমিনুর গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে তিনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সে রাত ১১ টার দিকে ফোনে কার সাথে কথা বলার পর ঘরে ঢুকে আর বেরোয়নি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং অধিকতর তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি বলেও জানান থানা পুলিশের এ কর্মকতা।