- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে সৈয়দপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
দিবসের প্রথম প্রহরে (শুক্রবার রাত ১২টার পর)সৈয়দপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৫২’ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলের সকলস্তরের নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নিরবতা পালন করে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রার মাধ্যমে শহীদ মিনারে যান তারা। এসময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি ও হাজী আওরঙ্গজেব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা হায়াত আলী জাফরী, আনিসুল হক চৌধুরী, ফয়সাল দিদার দিপুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবি দল,জিয়া মঞ্চ, জাসাস,মহিলা দল, শ্রমিক দলের
নেতৃবৃন্দ।
পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একে একে ভাষা শহীদদের স্মরণ করেন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতিহা তাকলিমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি করে উপজেলা প্রশাসন। এসবের মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে কোরআনখানি, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা প্রভূতি।
সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুরউপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীর প্রতীক) প্রমুখ।
আলোচনা শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আয়োজিত ছড়া পাঠ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।